বিশেষ  সংবাদদাতা, ময়মনসিংহ:

 ময়মনসিংহ সদর উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রশাসক ও সদর উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ শরীফ আহমেদের বিরুদ্ধে টিআর (টেস্ট রিলিফ) ও কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। অতিরিক্ত দায়িত্ব হিসেবে প্রায় দুই বছর ধরে তিনি ঘাগড়া ইউনিয়নের প্রশাসক পদে দায়িত্বরত রয়েছেন।স্থানীয় অধিবাসী ও এলাকা সূত্রে অভিযোগ, ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ অর্থবছরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে গৃহীত প্রকল্পগুলোর অধিকাংশেই সঠিকভাবে কাজ না করে বিল তুলে নেওয়া হয়েছে। এমনকি বেশ কিছু প্রকল্পে কোনো প্রকার কাজ না করেই পুরো বরাদ্দের অর্থ উত্তোলন করার অভিযোগ তুলেছেন এলাকাবাসী।ইউনিয়নের একাধিক শ্রমিকের দাবি, বিভিন্ন রাস্তা নির্মাণ, সংস্কার ও মাটি ভরাটের কাজে বড় ধরনের অনিয়ম করা হয়েছে। সরকারি নীতিমালা ও সচেতন আইনি প্রক্রিয়া তোয়াক্কা না করে পর পর দুই অর্থবছরে ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে লাখ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।এ বিষয়ে জানতে চাইলে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ মনিরুল হক ফারুক রেজা জানান, "একজন ইউনিয়নের প্রশাসকের অধীনে টিআর-কাবিখা ছাড়াও আরও নানা ধরণের সরকারি উন্নয়ন প্রকল্প থাকে। তবে আমাদের তদারকিতে থাকা কোনো প্রকল্পে অনিয়ম হয়ে থাকলে তা সুষ্ঠুভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে প্রশাসক ও সমবায় কর্মকর্তা মোঃ শরীফ আহমেদের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।