সালমান আহম্মদ স্টাফ রিপোর্টার :সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোনার কেন্দুয়ায় এক কিশোরীকে ভয়ভীতি ও ভিডিও প্রকাশের হুমকি দিয়ে দীর্ঘদিন ধরে ধর্ষণ এবং যৌন নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় আবু মিয়া (৩৬) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার সাউদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।মামলার অন্যান্য আসামিরা হলেন— বকুল মিয়া (৫৫), আবু মিয়া (৫০), লিমা (২১), জাহানারা বেগম (৪৮), স্মৃতি (৩২) এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জন।মামলার এজাহারে ভুক্তভোগী কিশোরীর বাবা উল্লেখ করেন, তার মেয়ে স্থানীয় সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী এবং বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা। অভিযোগে বলা হয়, ২০২২ সালের ২০ নভেম্বর স্কুল থেকে ফেরার পথে নিকট আত্মীয় বকুল মিয়া চিকিৎসকের কাছে নেওয়ার কথা বলে তাকে একটি বাসায় নিয়ে যান। সেখানে ভয়ভীতি প্রদর্শন করে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেন এবং গোপনে মোবাইল ফোনে ভিডিও ধারণ করেন।এজাহারে আরও বলা হয়, ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে কিশোরীকে বিভিন্ন সময়ে বকুল মিয়ার বাড়িতে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করা হয়। এতে অন্য কয়েকজন আসামি সহযোগিতা করেন বলেও অভিযোগ করা হয়েছে। সর্বশেষ গত ২৫ জুন ২০২৬ তারিখেও তাকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ রয়েছে। এছাড়া ধর্ষণের পর জোর করে ট্যাবলেট জাতীয় ওষুধ খাওয়ানোর চেষ্টার অভিযোগও করা হয়েছে।মামলার তদন্ত কর্মকর্তা সজল দাস জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজুর পর ২ নম্বর আসামি আবু মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে নেত্রকোনা জেলা কারাগারে পাঠানো হয়েছে। মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।