ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে ডিলারের গুদাম ভেঙে সারের বস্তা লুট করল বিক্ষুব্ধ কৃষক।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ডিলারের গুদামের দরজা ভেঙে প্রায় ১৬৭ বস্তা সার লুট করে নিয়ে গেছেন বিক্ষুব্ধ কৃষকরা। আজ রোববার (২৩ আগস্ট) বেলা ১১টার দিকে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ধলডাঙ্গা বাজারে মেসার্স শাহ আমানত এন্টারপ্রাইজ নামের এক ডিলার পয়েন্টে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সকালে সার কেনার জন্য ধলডাঙ্গা বাজারের ডিলার পয়েন্টে জড়ো হন স্থানীয় কৃষকরা। দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও ডিলার পয়েন্ট বন্ধ থাকা এবং সার না পাওয়ার আশঙ্কায় উপস্থিত কৃষকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতেই বিক্ষুব্ধ কৃষকরা ডিলার তাইফুর রহমান মুকুলের সারের গুদামের শাটারের তালা ও দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই গুদাম থেকে ১৪৩ বস্তা ইউরিয়া এবং ২৪ বস্তা এমওপি সার লুট করে নিয়ে যান তারা। ঘটনার পরপরই অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশের হস্তক্ষেপে ইতোমধ্যে কিছু কৃষক নিয়ে যাওয়া সারের বস্তা ফেরত দিয়েছেন। বাকি সার উদ্ধারে অভিযান ও তৎপরতা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ জানিয়েছে, লুটপাটের সময় মোবাইলে ধারণ করা একাধিক ভিডিও ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করার প্রক্রিয়া চলছে। ক্ষতিগ্রস্ত ডিলার তাইফুর রহমান মুকুল এ ঘটনায় আইনি ব্যবস্থা ও মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। অন্যদিকে, ঘটনাটি আইনি প্রক্রিয়ায় যাওয়ার আগেই সমাধানের চেষ্টা চালাচ্ছেন স্থানীয় বিএনপি ও ইউপি নেতৃবৃন্দ। লুট হওয়া সব সারের বস্তা উদ্ধার ও ফেরত দেওয়ার শর্তে বিষয়টি স্থানীয়ভাবে দেনদরবারের মাধ্যমে সুরাহা করার প্রস্তাব দেওয়া হয়েছে।