ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

তারাকান্দায় বৃদ্ধা নুর জাহান হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার।


সালমান আহম্মদ : স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

 ময়মনসিংহের তারাকান্দায় আলোচিত বৃদ্ধা নুর জাহান বেগম হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪, সিপিএসসি, ময়মনসিংহ।র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে গত ১২ জুলাই ২০২৬ তারিখে তারাকান্দা উপজেলার নগুয়া গ্রামে নুর জাহান বেগমের পরিবারের ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, প্রথমে পরিবারের সদস্যদের মারধরের পর অভিযুক্তরা দেশীয় ধারালো অস্ত্র নিয়ে বাড়িতে প্রবেশ করে ৭০ বছর বয়সী নুর জাহান বেগমকে কুপিয়ে গুরুতর আহত করে। হামলার সময় বাড়িতে ভাঙচুর, নগদ অর্থ ও মোবাইল ফোন লুটের ঘটনাও ঘটে। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৩ জুলাই ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নুর জাহান বেগমের মৃত্যু হয়।এ ঘটনায় নিহতের মেয়ে বাদী হয়ে তারাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই র‌্যাব-১৪ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।র‌্যাবের তথ্যপ্রযুক্তিনির্ভর অনুসন্ধানের ভিত্তিতে গত ১৯ আগস্ট ২০২৬ রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে মামলার পলাতক আসামি মো. খাদিমুল হক (৪৫), ময়মনসিংহ জেলার বাসিন্দাকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তারাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া মামলার সঙ্গে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।