ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে সেচ পাম্পে বৈদ্যুতিক সংযোগ দিতে গিয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে খেতের সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন আশরাফুল আলম (৪৫) নামে এক ব্যক্তি। বুধবার দুপুরে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের উত্তর ভরতের ছড়া এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত আশরাফুল আলম ওই এলাকার মৃত গঞ্জের আলী আকন্দের ছেলে। স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরে নিজের জমিতে পানি সেচ দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন আশরাফুল। বৈদ্যুতিক সেচ পাম্পের সংযোগ দেওয়ার সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। স্বজনরা তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল। লাশ যখন আনা হয়, ততক্ষণে তার শরীরের বিভিন্ন অংশ শক্ত হয়ে গিয়েছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত হয়েছেন। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলে জানা যায়।