জামালপুর প্রতিনিধি: বাংলাদেশ রেলওয়ে কর্মচারীকল্যাণ ট্রাস্টের ঢাকা বিভাগীয় ‘ক’ গ্রুপের শ্রমিক প্রতিনিধি নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রোববার ১৬ আগস্ট ২০২৬ জামালপুর রেলওয়ের উর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী কার্যালয় প্রাঙ্গণে দিনব্যাপী ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল থেকেই ভোটকেন্দ্রে প্রার্থী, ভোটার ও সমর্থকদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়। কেন্দ্রের আশপাশে বিভিন্ন প্রার্থীর পোস্টার ও প্রচারপত্রে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।শ্রমিক প্রতিনিধি পদে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তারা হলেন— মোঃ আলী আজগর বাবু (ছাতা), মোঃ আনোয়ার হোসাইন (বই), মোঃ মাজহারুল ইসলাম (গোলাপ ফুল) এবং মোঃ আল-আমিন (মাছ) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন।নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা রেলওয়ের শ্রমিক-কর্মচারীদের কল্যাণ, ন্যায্য অধিকার নিশ্চিতকরণ, সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় ভোটারদের কাছে নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরে সমর্থন ও ভোট প্রার্থনা করেন।ভোটগ্রহণ চলাকালে কেন্দ্রজুড়ে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ। কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্টদের তত্ত্বাবধানে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়।