হরেকৃষ্ণপুর বাজারে উন্মুক্ত স্থানে ইয়াবা ও গাঁজা বিক্রির প্রতিবাদ করায় মাদক কারবারিদের অতর্কিত হামলায় অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন।আহতদের মধ্যে মোঃ ফরিদ মোল্লা (৪৮)-এর মাথায় চাইনিজ কুড়াল দিয়ে কোপ দেওয়া হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। এছাড়া আহত আরও দুইজন বর্তমানে মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।স্থানীয়দের অভিযোগ, হরেকৃষ্ণপুর গ্রামের চেয়ারম্যান পাড়ায় দীর্ঘদিন ধরে কাসেম ও তার বড় ভাই বদিয়ার ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছিলেন। এতে এলাকার পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি স্থানীয়দের নানা হয়রানি ও হুমকির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ রয়েছে।ঘটনার দিন বাড়ির সামনে ইয়াবা বিক্রি করতে নিষেধ করায় কথা কাটাকাটির একপর্যায়ে কাসেম ও তার সহযোগীরা রামদা, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।হামলায় ফরিদ মোল্লার মাথায় চাইনিজ কুড়ালের কোপ লাগে। তাকে রক্ষা করতে গিয়ে এক নারীসহ আরও চারজন আহত হন।ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্ত মাদক কারবারি ও হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।