ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

বরিশালের উজিরপুরে সাতলা-শিবপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে কয়েক হাজার মানুষ।


মিল্লাত হাওলাদার: প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন বরিশাল। 

 বরিশালের উজিরপুর উপজেলার সাতলা সেতু থেকে একতা বাজার হয়ে শিবপুর পর্যন্ত গুরুত্বপূর্ণ সড়কটি দীর্ঘদিন সংস্কার ও পাকাকরণ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন কয়েক হাজার মানুষ। বর্তমানে সড়কটির এমনই বেহাল দশা যে যানবাহন চলাচলের পাশাপাশি পায়ে হেঁটে চলাচলও কঠিন হয়ে পড়েছে।স্থানীয়রা জানান, সাতলা, একতা বাজার, শিবপুরসহ আশপাশের প্রায় ১০-১২টি গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই সড়ক। দীর্ঘ কয়েক দশক ধরে সড়কটি সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।বর্ষা মৌসুমে সড়কজুড়ে কাদা ও পানি জমে চলাচল প্রায় বন্ধ হয়ে যায়। আর শুকনো মৌসুমে সৃষ্টি হয় ধুলাবালির দুর্ভোগ। এতে স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ীসহ সাধারণ মানুষকে প্রতিদিন চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।এলাকাবাসীর দাবি, সড়কটির পাশে রয়েছে সাতলা হাফিজিয়া মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, সাতলা উচ্চমাধ্যমিক বিদ্যালয়সহ একাধিক শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠান। এছাড়া রয়েছে হাট-বাজার, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান। সড়কের বেহাল অবস্থার কারণে এসব প্রতিষ্ঠানে যাতায়াতেও নানা সমস্যা সৃষ্টি হচ্ছে।স্থানীয় বাসিন্দা আহমেদ শানু বলেন, আমাদের দাবি একটাই আমাদের রাস্তাটার কাজটি অতি দ্রুত করে দেওয়া হোক। এখানে পুরুষ মাদ্রাসা, মহিলা মাদ্রাসা ও স্কুল রয়েছে। প্রতিদিন ছাত্রছাত্রীদের এই রাস্তা দিয়ে যাতায়াত করতে অনেক কষ্ট হয়। রাস্তায় এক দফা কাদা হলে পরের দফা শুকাতে সময় লাগে, তখনও চলাচল কঠিন হয়ে পড়ে।স্থানীয়দের অভিযোগ, নির্বাচনের আগে বিভিন্ন জনপ্রতিনিধি সড়কটি পাকাকরণের প্রতিশ্রুতি দিলেও বাস্তবে দীর্ঘদিনেও দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। তাদের ভাষ্য, স্বাধীনতার পর থেকে সড়কটির ভাগ্যে উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লাগেনি।এলাকাবাসী বলেন, সড়কটি পাকাকরণ করা হলে সাতলা, একতা বাজার, শিবপুরসহ আশপাশের এলাকার মানুষের জীবনযাত্রায় ব্যাপক পরিবর্তন আসবে। সহজ হবে শিক্ষা, চিকিৎসা ও ব্যবসা-বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা।দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেতে বর্তমান সংসদ সদস্য, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সাতলা সেতু থেকে শিবপুর পর্যন্ত সড়কটি দ্রুত সংস্কার ও পাকাকরণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।