নিজস্ব প্রতিবেদ: সময়ের সাথে প্রতিদিন। কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের এক যৌথ সাঁড়াশি অভিযানে এলাকার চিহ্নিত মাদক সম্রাট মোঃ শহিদুল ইসলাম (৪০) ওরফে 'ট্যাবলেট শহিদুল' ১০৫ পিস ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার হয়েছেন। গত বুধবার রাত (১৩ আগস্ট-২০২৬) ১২:৩০ থেকে ১:০০ টার মধ্যে তাকে নিজ এলাকা থেকে গ্রেফতার করে ভূরুঙ্গামারী থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জনাব মুনতাসির মামুন মুনের নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। ভূরুঙ্গামারী থানার এসআই মোঃ আল-আমিন ও এএসআই আবু সাইদের সমন্বয়ে গঠিত একটি চতুর ছদ্মবেশী পুলিশ দল সুকৌশলে তাকে ঘেরাও করে। অভিযানে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১০,০০০ টাকাসহ শহিদুলকে হাতেনাতে আটক করা হয়। গ্রেফতারকৃত শহিদুল ইসলাম উপজেলার বাগভান্ডার সোনাতলী গ্রামের মোঃ মফিজ উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সীমান্ত ঘেঁষা এই অঞ্চলে মাদকের সাম্রাজ্য গড়ে তুলেছিলেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, 'ট্যাবলেট শহিদুল' ভূরুঙ্গামারী সদর ইউনিয়নসহ আশেপাশের বিপুল সংখ্যক উঠতি বয়সী কিশোর ও তরুণকে মাদকের ভয়াল থাবায় পতিত করেছেন। কেবল কুড়িগ্রামই নয়, তিনি রংপুর ও দিনাজপুরের বিভিন্ন উপজেলায় দীর্ঘদিন ধরে ইয়াবা, ফেনসিডিল ও গাঁজার বড় চালানের জোগান দিয়ে আসছিলেন। এর আগেও আইন-শৃঙ্খলা বাহিনী ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তাকে গ্রেফতারের জন্য একাধিকবার চেষ্টা চালালেও প্রতিবারই সুচতুর এই কারবারি কোনো না কোনো উপায়ে চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যেতে সক্ষম হন। অভিযানের বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "ট্যাবলেট শহিদুলকে ধরতে এটি ছিল আমাদের চতুর্থবারের প্রচেষ্টা। অবশেষে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ছদ্মবেশে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেফতার করতে সক্ষম হয়েছি। প্রাথমিক তদন্তে আটক মাদক কারবারির সাথে ভারতীয় সীমান্ত পারের মাদক পাচারকারীদের সরাসরি যোগাযোগের তথ্য মিলেছে।" তিনি আরও জানান, অপরাধীরা যতই চতুর হোক না কেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে। দীর্ঘদিন পর এলাকার কুখ্যাত এই মাদক কারবারি গ্রেফতার হওয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভূরুঙ্গামারীর সাধারণ মানুষ ও অভিভাবক মহল। পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।