ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

শ্রীমঙ্গল স্টেশনে নানা অনিয়মের অভিযোগ, ১৭ বছর ধরে একই স্টেশনে কর্মরত ভারপ্রাপ্ত বড় মাস্টার কালোবাজারি,অভিযোগ সাধারণ জনগণ


মাহাদী হাসান ভান্ডারী, শ্রীমঙ্গল:সময়ের সাথে প্রতিদিন।

মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত বড় মাস্টার মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে টিকিট কালোবাজারি, চাঁদাবাজি, বদলি-বাণিজ্যসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি প্রায় ১৭ বছর ধরে একই স্টেশনে কর্মরত রয়েছেন।স্থানীয় ও সংশ্লিষ্টদের অভিযোগ, স্টেশনকেন্দ্রিক একটি চক্রের মাধ্যমে বহিরাগত ব্যক্তিদের ব্যবহার করে টিকিটহ কালোবাজারি করা হচ্ছে। এ কাজে অন্তত ১২ জন বহিরাগত জড়িত রয়েছে বলেও অভিযোগ রয়েছে। পাশাপাশি বহিরাগত দুই সুইপারকে ব্যবহার করে বিভিন্নভাবে মোটা অঙ্কের অর্থ আদায়ের অভিযোগও উঠেছে।স্টেশনের হকারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় এবং প্ল্যাটফর্মে আনারস, লেবুসহ বিভিন্ন পণ্য বিক্রি করা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকেও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। স্টেশনের আশপাশে অবৈধভাবে দোকান বসানোর সুযোগ দেওয়ার বিনিময়ে অর্থ আদায় করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন স্থানীয় ব্যবসায়ীরা।এছাড়া দোকানদারদের বিভিন্নভাবে হয়রানি করে টাকা নেওয়া এবং রেলওয়ের বদলি করিয়ে দেওয়ার নামে অর্থ লেনদেনের অভিযোগও রয়েছে। জমি কেনাবেচার সঙ্গে সংশ্লিষ্টতা এবং চলতি মাসে স্টেশনকেন্দ্রিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে।শ্রীমঙ্গলের মাজার ও মসজিদের অর্থের হিসাব নিয়েও গরমিল ও আত্মসাতের অভিযোগ রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট হিসাব-নিকাশ, নথিপত্র ও আর্থিক লেনদেনের তথ্য তদন্ত করা প্রয়োজন।স্থানীয়দের দাবি, দীর্ঘ ১৭ বছর একই স্টেশনে কর্মরত থাকার বিষয়টি এবং তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো রেলওয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। একই সঙ্গে টিকিট বিক্রির রেকর্ড, সিসিটিভি ফুটেজ, হকার ও দোকান বরাদ্দের নথি এবং মাজার-মসজিদের অর্থের হিসাব তদন্তের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।অভিযোগের বিষয়ে জানতে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ভারপ্রাপ্ত বড় মাস্টার মো. সাখাওয়াত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তার বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।অভিযোগগুলোর সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।