ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

জমিসংক্রান্ত বিরোধে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে আহত আফতাবের মৃত্যু।


সালমান আহম্মদ :স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোনার কেন্দুয়ায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে গুরুতর আহত আফতাব উদ্দিন (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ৯টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।নিহত আফতাব উদ্দিন কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের ফতেপুর কান্দাপাড়া গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। অভিযুক্ত ফরিদ মিয়া একই গ্রামের মৃত উছমান গণির ছেলে এবং সম্পর্কে নিহতের আপন চাচাতো ভাই।স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আফতাব উদ্দিন ও ফরিদ মিয়ার পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে গত শনিবার সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ফরিদ মিয়া ধারালো ছুরি দিয়ে আফতাব উদ্দিনের ওপর অতর্কিত হামলা চালিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন।এতে আফতাব উদ্দিন গুরুতর আহত হলে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর মঙ্গলবার সকালে তার মৃত্যু হয় আফতাব উদ্দিনের মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে ফতেপুর কান্দাপাড়া গ্রামে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে। ঘটনার পর থেকেই অভিযুক্ত ফরিদ মিয়া পলাতক রয়েছেন।কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের মরদেহের ময়নাতদন্ত মমেক হাসপাতাল মর্গে সম্পন্ন হবে। ঘটনার সঙ্গে জড়িত অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।