ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ আগস্ট ২০২৬ তারিখে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত এই সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং বিভিন্ন সমস্যা নিরসনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব অমৃত দেব নাথ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৫ কুড়িগ্রাম-১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ আনোয়ারুল ইসলাম। উক্ত সভায় উপজেলার আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং সার্বিক উন্নয়নের লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ঃ মাদকদ্রব্যের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে এবং নিয়মিত মাদক বিরোধী অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাল্যবিবাহ কার্যকরভাবে বন্ধ করতে উপজেলার সকল নিবন্ধিত ও অনিবন্ধিত কাজিদের দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়।ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে জামতলা হয়ে সাদ্দাম মোড় পর্যন্ত রাস্তার দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যানজট মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ মানুষের যাতায়াত সহজ করতে বাসস্ট্যান্ড থেকে কেজি স্কুল হয়ে সাদ্দাম মোড় পর্যন্ত বিকল্প রাস্তাটি দ্রুত মেরামতের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।উপজেলায় যেকোনো ধরনের সার কেলেঙ্কারী ও কৃত্রিম সংকট রোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিগণ উপস্থিত থেকে তাদের মতামত ও পরামর্শ ব্যক্ত করেন। উপস্থিত রাজনৈতিক ও প্রশাসনিক নেতৃবৃন্দ এলাকার শান্তি-শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।