ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ৩১ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে মাদক বিরোধী মানব বন্ধন অনুষ্ঠিত, যুবসমাজকে রক্ষার ডাক।


 আব্দুল মতিন (মুকুল) ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

মাদকের করাল গ্রাস থেকে যুবসমাজ তথা দেশকে রক্ষা এবং মাদক নির্মূলের দাবিতে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দেওয়ানের খামার ৫নং ওয়ার্ড যুবসমাজের উদ্যোগে এক বিশাল মানব বন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১-০৭-২০২৬ ইং রোজ শুক্রবার  বিকেলে ভূরুঙ্গামারী উপজেলার দেওয়ানের খামার এলাকায় প্রধান সড়কে এই কর্মসূচী পালন করা হয়। ঘণ্টাব্যাপী চলা এই মানব বন্ধনে এলাকার সর্বস্তরের জনগণ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দেওয়ানের খামার যুবসমাজের সদস্যগণ অংশগ্রহণ করেন। মানব বন্ধন শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদক বিরোধী বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক এবং সংগঠনের নেতৃবৃন্দ। আমন্ত্রিত বক্তা হিসেবে বক্তব্য রাখেন: মনজুরুল আলম, যুগ্ন আহবায়ক, স্বেচ্ছাসেবক দল, ভূরুঙ্গামারী। মাইদুল ইসলাম, সদস্য সচিব, ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রদল। মাহবুব রহমান লাকী, কেশিয়ার বণিক সমিতি, ভূরুঙ্গামারী। হাফেজ আঃ রউফ, খতিব, দিয়ারার বাড়ী জামে মসজিদ। জাহিদুর রহমান। মাওঃ জালাল উদ্দিন। এছাড়াও সমাবেশে অন্যান্য যুবনেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা তাদের বক্তব্যে বর্তমান সমাজে মাদকের ভয়াবহ বিস্তার এবং এর কুফল সম্পর্কে আলোকপাত করেন। তারা বলেন, মাদক একটি সমাজ ও জাতিকে ধ্বংস করে দেয়। তরুণ ও যুবসমাজ হচ্ছে দেশের ভবিষ্যৎ। মাদকাসক্তির কারণে এই অমিত সম্ভাবনাময় তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে পারিবারিক ও সামাজিক অস্থিরতা। মাদকের অর্থ জোগাড় করতে গিয়ে যুবকরা চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার জোর আহ্বান জানান। বিশেষ করে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের সামাজিকভাবে বয়কট করার ডাক দেন। তারা অভিভাবক সমাজকে তাদের সন্তানদের প্রতি আরও যত্নশীল ও সচেতন হওয়ার অনুরোধ জানান। পাশাপাশি, মাদক নির্মূলে প্রশাসনের আরও কঠোর ও কার্যকর ভূমিকা কামনা করেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে জনগণ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। দেওয়ানের খামার যুবসমাজের পক্ষ থেকে আয়োজকরা জানান, যুবসমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুষ্ঠু ও সুস্থ বিনোদনের ব্যবস্থা করা এবং সমাজ গঠনে তাদের ইতিবাচক অংশগ্রহণ নিশ্চিত করাই এই কর্মসূচীর মূল লক্ষ্য। তারা ভবিষ্যতে এমন মাদক বিরোধী সামাজিক আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন। মানব বন্ধন ও সমাবেশটি সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়।