ডিজাইন: ইমেজ চালু
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

প্রেমের টানে চীন থেকে নেত্রকোনায়, ইসলাম গ্রহণ করে বাংলাদেশি তরুণীকে বিয়ে চীনা যুবকের ।


ইমরান হোসেন: নেত্রকোনা জেলা প্রতিনিধি,সময়ের সাথে প্রতিদিন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পরিচয়, এরপর প্রেম। সেই প্রেমের টানে হাজার হাজার কিলোমিটার দূরের চীন থেকে বাংলাদেশে এসে ইসলাম ধর্ম গ্রহণ করে নেত্রকোনার এক তরুণীকে বিয়ে করেছেন চীনের নাগরিক ওয়্যাং সুলিন (৩০)। ইসলাম গ্রহণের পর তার নতুন নাম রাখা হয়েছে মো. নুর উদ্দিন।পারিবারিক সূত্রে জানা যায়, নেত্রকোনার মোহনগঞ্জ পৌর শহরের দৌলতপুর এলাকার বাসিন্দা ও স্থানীয় ফার্নিচার ব্যবসায়ী মো. নাজিম উদ্দিনের মেয়ে নাজমিন আক্তার লিজা (২০)। তিনি মোহনগঞ্জ সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। অন্যদিকে, চীনের হুপেই (লুবেই) প্রদেশের লুরাং শহরের বাসিন্দা ওয়্যাং সুলিন পেশায় একজন রেস্তোরাঁ ব্যবসায়ী।প্রায় দুই মাস আগে ফেসবুকে পরিচয়ের মাধ্যমে লিজা ও ওয়্যাং সুলিনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সময়ের সঙ্গে সেই সম্পর্ক গভীর হলে তারা বিয়ের সিদ্ধান্ত নেন। বিষয়টি নিজ নিজ পরিবারকে জানালে উভয় পরিবারই সম্মতি দেয় ভালোবাসার টানে গত ১৮ জুলাই বাংলাদেশে আসেন ওয়্যাং সুলিন। ঢাকায় পৌঁছানোর পর লিজার পরিবারের সদস্যরা তাকে মোহনগঞ্জে নিয়ে যান। পরে ২১ জুলাই তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং নোটারি পাবলিকের মাধ্যমে এফিডেভিট সম্পন্ন করে মুসলিম রীতি অনুযায়ী নাজমিন আক্তার লিজার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।নবদম্পতিকে ঘিরে শুক্রবার (৩১ জুলাই) মোহনগঞ্জে জাঁকজমকপূর্ণ সামাজিক অনুষ্ঠানের আয়োজন করেছে কনের পরিবার। এ উপলক্ষে বাড়িতে প্যান্ডেল ও মঞ্চ নির্মাণের পাশাপাশি আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে নিমন্ত্রণপত্র বিতরণ করা হয়েছে।কনের বাবা মো. নাজিম উদ্দিন জানান, বিয়ের আগে চীনা দূতাবাস ও বরের পরিবারের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সব তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। সবকিছু নিশ্চিত হওয়ার পর আত্মীয়-স্বজনের পরামর্শে বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। সামাজিক অনুষ্ঠান শেষে বর চীনে ফিরে গিয়ে ভিসাসহ প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করবেন। এরপর লিজাকে সঙ্গে নিয়ে চীনে যাওয়ার পরিকল্পনা রয়েছে।বিদেশি জামাইয়ের আগমনকে কেন্দ্র করে মোহনগঞ্জে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা চীনা যুবককে একনজর দেখতে এবং তার সঙ্গে স্মৃতি ধরে রাখতে ছবি তুলতে কনের বাড়িতে ভিড় করছেন।