ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে ভটভটি উল্টে চালক নিহত, হেলপার আহত


 

 মোঃ আব্দুল মতিন (মুকুল), ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পণ্যবাহী ভটভটি উল্টে গিয়ে চালক আকবর আলী (৫০) নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় গাড়িতে থাকা হেলপার গুরুতর আহত হয়েছেন। ২৫ জুলাই শনিবার বিকালে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের আসাদ মোড় সংলগ্ন তেতুল তলা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, শিলখুড়ী কাঠগীর এলাকার বাসিন্দা মো. আকবর আলী তার নিজস্ব ভটভটিতে করে ভাড়ায় চালিত বস্তা বোঝাই ধান নিয়ে শালঝোর ঘাট থেকে ধলডাঙ্গা বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আসাদ মোড় তেতুল তলা এলাকায় একটি খানাখন্দে ভরা ও ভাঙা রাস্তা পার হওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় গাড়ির নিচে চাপা পড়ে চালক আকবর আলী ঘটনাস্থলেই প্রাণ হারান। দুর্ঘটনায় তার সাথে থাকা হেলপারও গুরুতর আঘাতপ্রাপ্ত হন। ঘটনার পরপরই স্থানীয় আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারের চেষ্টা চালান। কিন্তু গাড়িচাপায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। পরবর্তীতে স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য পাঠায়। এ বিষয়ে পুলিশি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।