ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রামে শব্দদূষণ বিরোধী অভিযান: ৩ চালককে জরিমানা, ৫ হাইড্রোলিক হর্ন জব্দ


 

শ্রীরামকৃষ্ণ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, 

কুড়িগ্রামে শব্দদূষণ নিয়ন্ত্রণে অভিযান চালিয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে তিনটি যানবাহনের চালককে ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৫টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের যৌথ উদ্যোগে সদর উপজেলার ত্রিমোহনী বাজার সংলগ্ন রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযান সূত্রে জানা যায়, অভিযান চলাকালে শব্দদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা লঙ্ঘন করে যানবাহনে অনুমোদিত মাত্রার অতিরিক্ত শব্দ উৎপন্নকারী হাইড্রোলিক হর্ন ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারা অনুযায়ী তিনটি পৃথক মামলায় তিনজন চালককে মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী রীমা আক্তার। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুড়িগ্রামের সহকারী পরিচালক রেজাউল করিম। এ সময় জেলা পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় শব্দদূষণ নিয়ন্ত্রণে এ ধরনের মোবাইল কোর্ট ও সচেতনতামূলক অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।