ডিজাইন: ইমেজ চালু
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে ৪টি ভারতীয় গরুসহ ৫ চোরাকারবারি আটক, বিশেষ ক্ষমতা আইনে মামলা


শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান  প্রতিবেদক সময়ের সাথে প্রতিদিন।

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ৪টি ভারতীয় গরুসহ ৫ জন চোরাকারবারিকে আটক করেছে থানা পুলিশ। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এ পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বুধবার ২২ জুলাই ভোররাতে উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কাজিয়ার চর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতীয় গরু, ভারতীয় সিমকার্ড ও চোরাই মোবাইল ফোনসহ ৫ জনকে আটক করা হয়। আটককৃত গরুগুলোর শরীরে কাঁটাতারের আঘাতের চিহ্ন ও পায়ের খুরে ক্ষত পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তের কাঁটাতারের ভেতর দিয়ে টেনে-হিঁচড়ে দীর্ঘপথ অতিক্রম করে গরুগুলো বাংলাদেশে আনা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, দুধকুমার নদীর ভারতীয় প্রান্তে নির্মিত বেইলি সেতুর নিচ থেকে বিশেষ চিহ্ন দিয়ে গরু ভাসিয়ে দেয় ভারতীয় চোরাচালানিরা। বাংলাদেশ সীমান্তে নৌকা নিয়ে অবস্থান করা চোরাকারবারিরা গরুগুলো নদী থেকে তুলে কালজানি ঘাট হয়ে গৃহস্থ বাড়িতে মজুত করে। পরে সেগুলো দেশি গরু হিসেবে ভূরুঙ্গামারী হাটসহ বিভিন্ন হাটে বিক্রি করা হয়। এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশীয় খামারিরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন। পুলিশ জানায়, কাজিয়ার চর সীমান্তে বাংলাদেশি মোবাইল নেটওয়ার্ক না থাকায় চোরাকারবারিরা যোগাযোগের জন্য ভারতীয় সিম ব্যবহার করে। শিলখুড়ি ও তিলাই ইউনিয়নে কয়েকশ চোরাকারবারির কাছে কয়েক হাজার সচল ভারতীয় সিম রয়েছে বলে তথ্য পাওয়া গেছে। এসব সিমের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, "দুঃখজনক হলেও সত্যি, সীমান্তবর্তী শিলখুড়ি, তিলাই, পাথরডুবি ইউনিয়নের একটি বড় সংখ্যক মানুষ চোরাচালানের সাথে জড়িত। তারা কয়েক প্রজন্ম ধরে এ কাজ করে আসছে। আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। তবে তাদের সামাজিকভাবে পুনর্বাসন করা না গেলে সহসাই চোরাচালান বন্ধ হবে না।"