ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

গণভোট, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে কাল কুড়িগ্রামে এনসিপির জুলাই পদযাত্রা


 

 

শ্রীরামকৃষ্ণ রায়,ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন

 কুড়িগ্রামে: গণভোটের রায় বাস্তবায়ন, কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং সীমান্ত সুরক্ষার দাবিতে সারাদেশের মতো কুড়িগ্রামেও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে জুলাই পদযাত্রার আয়োজন করেছে। আগামীকাল বুধবার বিকেলে এই পদযাত্রা অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম শহরের ফায়ার সার্ভিস মার্কেটে অবস্থিত জেলা এনসিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জেলা এনসিপির আহ্বায়ক মুকুল মিয়া জানান, আগামীকাল বিকেল ৩টায় কুড়িগ্রামে কেন্দ্রীয় শীর্ষ নেতৃবৃন্দ পৌঁছাবেন। পদযাত্রায় উপস্থিত থাকবেন এনসিপির কেন্দ্রীয় সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় নারী শক্তির আহ্বায়ক মনিরা শারমিন এবং সদস্যসচিব ডা. মাহমুদা মিতু এমপি। তিনি আরও জানান, পদযাত্রাটি শহরের কলেজ মোড়ে অবস্থিত জুলাই চত্বর থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে পথসভার মাধ্যমে শেষ হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির মূল লক্ষ্য হলো সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করে জুলাইয়ের আকাঙ্ক্ষা নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া, জুলাই শহীদদের অবদান স্মরণ করা এবং দেশ গঠনের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করা। কর্মসূচি সফল করতে ইতোমধ্যে জেলাজুড়ে মাইকিং, ব্যানার-ফেস্টুন প্রদর্শন, মোটরসাইকেল শোভাযাত্রাসহ সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা এনসিপির সদস্যসচিব মাসুম মিয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান জুয়েল, যুগ্ম আহ্বায়ক ও মিডিয়া সেলের প্রধান রাশেদুজ্জামান তাওহীদ, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সরকারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।