ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু চোরাচালান, ২টি গরু জব্দ, গ্রেপ্তার ৩


শ্রীরামকৃষ্ণ রায়, সময়ের সাথে প্রতিদিন। 

 কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার অন্যতম ভারতীয় গরু চোরাচালান রুট শিলখুড়ি ইউনিয়নের শালঝোড় ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮টি গরুসহ ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। যাচাই-বাছাই শেষে ২টি গরু ভারতীয় হিসেবে নিশ্চিত হওয়ায় ৩ জন চিহ্নিত চোরাকারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শালঝোড় ঘাট এলাকায় অবৈধভাবে ভারতীয় গরু প্রবেশ করানো হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ অভিযান চালায়। অভিযানে ৮টি গরুসহ চারজনকে আটক করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন ও ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আজিম উদ্দিন। আটককৃতরা হলেন- শালঝোড় ও ঢলডাংগা এলাকার আশরাফুল আলম (৩৭), আল আমিন (৩০), নুর নবী (২৫) ও সবুজ (২১)। পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ২টি গরুর বিষয়ে শতভাগ নিশ্চিত হওয়া গেছে যে, সেগুলো কালজানি ঘাট এলাকার কাজিয়ার চর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। বাকি ৬টি গরুর মালিকানা যাচাই করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়েছে। এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আজিম উদ্দিন জানান, "আটককৃতদের মধ্যে ৩ জনের কাছ থেকে ভারতীয় চোরাই মোবাইল ফোন ও ভারতীয় সচল সিম কার্ড উদ্ধার করা হয়েছে। তাদের মোবাইল ফোনে ভারতীয় গরু ব্যবসায়ীদের সাথে নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। তারা চিহ্নিত চোরাকারবারি।" এ ঘটনায় উদ্ধারকৃত ২টি গরু জব্দ করে ৩ জন ব্যবসায়ীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।