ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রামে বাল্যবিবাহ নিবন্ধন: নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল


কুড়িগ্রামে বাল্যবিবাহ নিবন্ধন: নিকাহ রেজিস্ট্রারের লাইসেন্স বাতিল শ্রীরামকৃষ্ণ, ভ্রাম্যমান প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন। প্রকাশ: ৯ জুলাই ২০২৬ বাল্যবিবাহ নিবন্ধনের অভিযোগ প্রমাণিত হওয়ায় কুড়িগ্রাম সদর উপজেলার ৮ নম্বর পাঁচগাছী ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার মো. হোসাইন আহম্মেদের লাইসেন্স বাতিল করেছে সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার, ৭ জুলাই জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, মো. হোসাইন আহম্মেদ ২০২৪ সালের ২০ অক্টোবর মোছা. পারভীন খাতুনের একটি বাল্যবিবাহ নিবন্ধন করেন। তদন্তে দেখা যায়, এ কাজ মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯-এর বিধি ২৩ক-এর সুস্পষ্ট লঙ্ঘন। একই বিধিমালার বিধি ১১ অনুযায়ী এটি 'গুরুতর অসদাচরণ' হিসেবে বিবেচিত হয়েছে। ঘটনার পর তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। তবে তার জবাব সন্তোষজনক না হওয়ায় নিকাহ রেজিস্ট্রার হিসেবে তার লাইসেন্স বাতিল করা হয়েছে। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট নিকাহ নিবন্ধন এলাকা শূন্য ঘোষণা করা হয়েছে। সেবা অব্যাহত রাখতে অনধিক ১২০ দিনের জন্য পাশের কোনো অধিক্ষেত্রের নিকাহ রেজিস্ট্রারকে অতিরিক্ত দায়িত্ব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা, ২০০৯ অনুযায়ী, বাল্যবিবাহ নিবন্ধন করা শাস্তিযোগ্য অপরাধ। বিধি ২৩ক-তে নিকাহ রেজিস্ট্রারদের বর-কনের বয়স যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম ভাঙলে বিধি ১১-এর আওতায় লাইসেন্স বাতিলসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সরকার বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিকাহ রেজিস্ট্রারদের দায়িত্বে অবহেলা করলে ভবিষ্যতেও একই ধরনের ব্যবস্থা নেওয়া হবে।