ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কুড়িগ্রাম ভূরঙ্গামারীতে দুধ কুমার নদের চরে ভারতীয় অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার


শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমান প্রতিনিধি সময়ের সাথেপ্রতিদিন 

 ভূরুঙ্গামারী উপজেলার সীমান্তবর্তী দুধকুমার নদের চরে কাদায় আটকে থাকা অজ্ঞাতপরিচয় (প্রায় ৫০) এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মরদেহটি ভারতের নাগরিকের বলে ধারণা করা হচ্ছে।

 শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের চর খোঁচাবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন জানান, দুধকুমার নদের পানি কমে যাওয়ার পর স্থানীয়রা চরের কাদায় একটি মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,

 মরদেহটি একজন ভারতীয় নারীর। উজান থেকে নেমে আসা পানির স্রোতে ভারতের দিক থেকে ভেসে এসে এটি চরের কাদায় আটকে থাকতে পারে। তিলাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান জানান, শুক্রবার দুপুরে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।

 আনুমানিক ৫০ বছর বয়সী ওই নারীর পরনে কালো রঙের জামা-পায়জামা ছিল। নদীর পানি কমে যাওয়ায় মরদেহটি কাদায় আটকে ছিল। তিনি আরও বলেন, তিলাই ইউনিয়ন ভারতের সীমান্তবর্তী এলাকা এবং দুধকুমার নদের অপর পাশে ভারতের আসাম রাজ্য অবস্থিত। এ কারণে মরদেহটি ভারত থেকে ভেসে এসেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ওসি আজিম উদ্দিন জানান, শনিবার (৪ জুলাই) মরদেহটি ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে দাফনের জন্য মরদেহটি স্বেচ্ছাসেবী সংগঠন আঞ্জুমান মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।