খুলনার লবণচরা থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট ও বিদেশি মদসহ হাফিজুর রহমান মিরাজ (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।পুলিশ জানায়, সোমবার (২৯ জুন ২০২৬) বিকেল ৩টা ৪৫ মিনিটে লবণচরা থানার এসআই মো. আশরাফুল আলমের নেতৃত্বে একটি চৌকস টিম মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় লবণচরা থানাধীন বুখারিয়া পাড়া এলাকার ফিরোজের চায়ের দোকানের সামনে থেকে হাফিজুর রহমান মিরাজকে আটক করা হয়।আটক ব্যক্তির কাছ থেকে ১১ বোতল বিদেশি মদ এবং ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তিনি খুলনা মহানগরের খালিশপুর হাউজিং এস্টেট ৩ নম্বর এলাকার মৃত ইয়ার আলীর ছেলে।পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।এছাড়া লবণচরা থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনায় জানা যায়, হাফিজুর রহমান মিরাজের বিরুদ্ধে পূর্বে প্রতারণা ও মারামারির অভিযোগে দুটি মামলা রয়েছে।স্থানীয় সূত্রের দাবি, তিনি সাবেক শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ানের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত ছিলেন। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করা হয়নি।