ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

খুলনায় ৮ বছরের শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ, ঘটনাটি ধামাচাপার চেষ্টা নিয়ে প্রশ্ন


নিজস্ব প্রতিবেদক:

খুলনার ডাক্তারপাড়ায় অবস্থিত নুরুল কুরআন তাহজিদ একাডেমির এক ৮ বছর বয়সী হিফজ শিক্ষার্থীকে অমানবিক শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে। নির্যাতনের শিকার শিশু ইসমাইলকে ঘটনাস্থল থেকে নিয়ে যেতে দেখা যায় তার বাবাকে।স্থানীয় সংবাদকর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দেখতে পান, শিশুটির বাবার হাতে একটি বড় ব্যাগ, যেখানে ছেলের জামাকাপড় ও বইপত্র রাখা ছিল। এতে ধারণা করা হচ্ছে, ঘটনার পর তিনি তার সন্তানকে আর ওই প্রতিষ্ঠানে পড়াতে চান না।তবে ঘটনাটির সবচেয়ে রহস্যজনক দিক হলো, সন্তানের ওপর এমন নির্মম নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও শিশুটির বাবা প্রকাশ্যে কোনো অভিযোগ দিতে অনীহা প্রকাশ করেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, স্থানীয় কিছু ব্যক্তি বিষয়টি মিটমাট করে দিয়েছেন। কিন্তু কারা এই মীমাংসা করেছেন, কীভাবে বিষয়টির নিষ্পত্তি হয়েছে—সে বিষয়ে তিনি স্পষ্ট কিছু বলতে চাননি।এ সময় শিশুটির সঙ্গে কথা বলার চেষ্টাও করা হলে তার বাবা বাধা দেন। ফলে নির্যাতনের প্রকৃত ঘটনা ও এর পেছনের কারণ নিয়ে জনমনে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে।একটি নিষ্পাপ শিশুর ওপর যদি সত্যিই এমন নির্যাতন সংঘটিত হয়ে থাকে, তবে তা কোনোভাবেই উপেক্ষা করার সুযোগ নেই। বিষয়টি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। একই সঙ্গে ঘটনাটি গোপন বা চাপা দেওয়ার কোনো চেষ্টা হয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি উঠেছে।শিশুর নিরাপত্তা ও ন্যায়বিচারের প্রশ্নে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন সচেতন মহল।