ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

একের পর এক শিশু নির্যাতন ও হত্যাকাণ্ডে কাঁদছে দেশ।


বিলকিস আক্তার,ঢাকা হতে সময়ের সাথে প্রতিদিন 

একটা সময় ছিল, শিশুরা ছিল এই সমাজের সবচেয়ে নিরাপদ মানুষ। আজ সেই শিশুরাই সবচেয়ে বেশি আতঙ্কে, সবচেয়ে বেশি ঝুঁকিতে।

গত কয়েকদিনের খবরের কাগজ খুললেই শুধু একটার পর একটা ছোট মুখ ভেসে উঠছে রামিসা, লামিয়া, ফাতিহা। কারো বয়স চার কারো সাত, কারো দশ। যে বয়সে তাদের স্কুলে যাওয়ার কথা ছিল, খেলাধুলা করার কথা ছিল, বাবা-মায়ের হাত ধরে স্বপ্ন দেখার কথা ছিল সেই বয়সেই তারা পাশবিক নির্যাতন আর নির্মম হত্যার শিকার হচ্ছে।একজন বাবা যখন মেয়ের ছোট্ট আবদার পূরণ করতে না পারলে কষ্ট পান, তখন সেই বাবাই আজ মেয়ের কবরের পাশে দাঁড়িয়ে অসহায়ের মতো কাঁদছেন। একজন মা, যিনি সন্তানের জন্য রাত জেগে অপেক্ষা করতেন, আজ সেই মা নিথর স্মৃতি বুকে নিয়ে বেঁচে আছেন। এই কান্না শুধু একটি পরিবারের নয় এটি পুরো সমাজের ব্যর্থতার কান্না।সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, আমরা ধীরে ধীরে এসব খবরের সঙ্গে অভ্যস্ত হয়ে যাচ্ছি। কিছুদিন প্রতিবাদ হয়, কিছুদিন সামাজিক মাধ্যমে ঝড় ওঠে, তারপর আবার নীরবতা। আর সেই নীরবতার সুযোগেই অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। মানুষ আজ দ্রুত ও নিরপেক্ষ বিচার চায়। কারণ তারা দেখতে দেখতে ক্লান্ত বিচার দেরি হয়, প্রভাবশালীরা পার পেয়ে যায়, আর ভুক্তভোগী পরিবার শুধু কান্না নিয়েই বেঁচে থাকে।আমরা এমন একটি সমাজ চাই, যেখানে কোনো শিশু ভয় নিয়ে বড় হবে না। যেখানে কোনো বাবা-মাকে আর নিজের সন্তানের লাশ কাঁধে নিতে হবে না। যেখানে অপরাধীরা জানবে অপরাধ করলে বিচার হবেই।

আর কোনো রামিসা, লামিয়া কিংবা ফাতিহাকে হারাতে চাই না।