ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

খিলগাঁওয়ে কিশোর গ্যাং ও মাদকের দাপট: নিরাপত্তাহীনতায় বাসিন্দা ও সাংবাদিকরা, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন


স্টাফ রিপোর্টার: রাজধানীর খিলগাঁও থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে বলে অভিযোগ তুলেছেন স্থানীয় বাসিন্দারা। গত ৫ই আগস্টের পর থেকে এলাকাটিতে কিশোর গ্যাং, মাদক কারবারি ও অস্ত্রধারী সন্ত্রাসীদের আনাগোনা আশঙ্কাজনকভাবে বেড়েছে। প্রতিটি অলিগলিতে নিয়মিত বসছে চিহ্নিত অপরাধীদের আড্ডা ও মহড়া। কিন্তু স্থানীয়দের অভিযোগ, থানা পুলিশকে একাধিকবার অবহিত করার পরও দৃশ্যমান কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না।ঢাকা-৯ আসনের হাবিবুর রশিদ হাবিব অপরাধীদের নির্মূল করার ব্যাপারে বারবার হুঁশিয়ারি দিলেও মাঠপর্যায়ে এর প্রতিফলন দেখা যাচ্ছে না বলে জানান ভুক্তভোগীরা। উল্টো অপরাধীদের কেউ কেউ প্রকাশ্যেই দাবি করছে যে, প্রশাসনকে ম্যানেজ করেই তারা এসব কর্মকাণ্ড চালাচ্ছে। এমনকি অভিযোগকারীদের তথ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় স্থানীয় সাধারণ মানুষ এখন মুখ খুলতেও ভয় পাচ্ছেন।নাম প্রকাশে অনিচ্ছুক খিলগাঁও থানার এক উপ-পরিদর্শক (এসআই) আক্ষেপ প্রকাশ করে বলেন, "মাঠে কাজ করতে গিয়ে আমাদের অনেক সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। অনেক সময় ঊর্ধ্বতন মহলের নীরবতার কারণে আমাদেরও নিষ্ক্রিয় থাকতে হয়। তবে ডিবির (ডিটেকটিভ ব্রাঞ্চ) বা র‍্যাবের মতো সংস্থাগুলো কঠোর ভূমিকা রাখলে এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব।স্থানীয়দের অভিযোগের সত্যতা মেলে খিলগাঁও প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাংবাদিক পাপ্পু চৌধুরীর ওপর সাম্প্রতিক হামলার ঘটনায়। গত ১৬ই এপ্রিল ২০২৬ তারিখে খিলগাঁও থানাধীন আদর্শবাগ ও রজনীগন্ধা রোড এলাকায় তাঁর অফিস ও বাসায় একদল কিশোর গ্যাং সদস্য অতর্কিত হামলা চালায়। ভুক্তভোগী সাংবাদিকের দাবি, হামলার সময় খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বারবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা নম্বর '৯৯৯'-এর সহায়তায় পরিস্থিতি সামাল দেওয়া হয়। ​এই ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করলেও এখন পর্যন্ত আইনি টেবিলে কোনো অগ্রগতি হয়নি। ফলে অপরাধীদের উৎপাত ও হুমকি আরও বেপরোয়া রূপ নিয়েছে বলে জানা গেছে। শুধু তাই নয়, নির্দিষ্ট কিছু মহল ডিজিটাল মাধ্যমেও সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে বলে প্রমাণ পাওয়া গেছে। ​এলাকার সুশীল সমাজ ও সাংবাদিক নেতৃবৃন্দের মতে, দ্রুত খিলগাঁও থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা না হলে সাধারণ জনগণ, বিশেষ করে নারী ও শিশুদের নিরাপত্তা চরম হুমকির মুখে পড়বে। একই সাথে পুলিশের সৎ ও দায়িত্বশীল কর্মকর্তাদের মাঠপর্যায়ে পদায়ন করে থানার প্রতি জনগণের আস্থা ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।