ইমরান হোসেন, নেত্রকোনা জেলা প্রতিনিধি সময়ের সাথে প্রতিদিন, ০৭ মে, ২০২৬
নেত্রকোনার মোহনগঞ্জ থানা পুলিশের এক বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ চায়না দুয়ারি জালসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ১২:৩০ ঘটিকার সময় মোহনগঞ্জ পৌরসভার হাট মোহনগঞ্জ এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার একটি বিশেষ টিম দেবনাথ জিওড় আখড়া মন্দিরের সামনের পাকা রাস্তায় অভিযান পরিচালনা করে। এসময় একটি ট্রাকে অবৈধ জাল বোঝাই করার সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন:
১. সোহেল আহম্মেদ (৩২), পিতা- মোঃ কাজালী, গ্রাম- চকিয়াচাপুর, ধর্মপাশা, সুনামগঞ্জ।২. সবুর (৪০), পিতা- মৃত আফজাল শেখ, গ্রাম- জগনাথপুর, বেড়া, পাবনা। তল্লাশিকালে ট্রাক থেকে মোট ৩২৪টি চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭,৯২,০০০ (সাত লক্ষ বিরানব্বই হাজার) টাকা। এছাড়া জাল পরিবহনে ব্যবহৃত একটি নীল রঙের সিঙ্গেল কেবিন পিকআপ ভ্যান জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১৫ লক্ষ টাকা।এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে মোহনগঞ্জ থানায় বাংলাদেশ মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় মামলা (মামলা নং-১২, তারিখ: ০৭/০৫/২০২৬) রুজু করা হয়েছে। আজ সকালে আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
মোহনগঞ্জ থানা পুলিশ জানায়, দেশের মৎস্য সম্পদ রক্ষায় এবং নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের দমনে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।