ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

দায়িত্ব নিয়েই অ্যাকশনে ওসি কামরুজ্জামান, বদলে যাচ্ছে মাওনা হাইওয়ে চিত্র।


 বিলকিস আক্তার,গাজীপুর জেলা সময়ের সাথে প্রতিদিন 

মাওনা হাইওয়ে থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) কামরুজ্জামানের দায়িত্ব গ্রহণের পর মহাসড়কে যানজট নিরসন ও শৃঙ্খলা ফেরাতে নেওয়া নানা পদক্ষেপে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। স্থানীয়দের দাবি, অবৈধ দখল উচ্ছেদ, অনিয়ন্ত্রিত যান চলাচল নিয়ন্ত্রণ এবং নিয়মিত তদারকির ফলে মহাসড়কে স্বস্তি ফিরতে শুরু করেছে।

থানা সূত্রে জানা গেছে, দায়িত্ব নেওয়ার পর থেকেই মহাসড়কে অটোরিকশা, রিকশা ও অনাবশ্যক যানবাহনের চলাচল নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হয়। একই সঙ্গে সড়কের দুই পাশের অস্থায়ী ভ্যান ও ছোট ছোট দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। এতে দীর্ঘদিনের যানজট অনেকটাই কমেছে এবং স্বাভাবিক গতিতে যান চলাচল শুরু হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, এসব উদ্যোগে শুধু যানজট কমেনি, বরং সাধারণ মানুষের ভোগান্তিও কমেছে। সড়কে চলাচলে স্বাচ্ছন্দ্য ফিরেছে, বেড়েছে নিরাপত্তাবোধ।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, অনেক দিন পর মহাসড়কে শৃঙ্খলা ফিরতে দেখছি। বর্তমান ওসির পদক্ষেপে মানুষের মধ্যে আস্থা তৈরি হয়েছে।”

ওসি কামরুজ্জামান বলেন, জনদুর্ভোগ কমানো এবং সড়কে শৃঙ্খলা বজায় রাখতে উচ্ছেদ অভিযান ও মনিটরিং অব্যাহত থাকবে। জনস্বার্থে নেওয়া এসব কার্যক্রম পরিচালনায় তিনি সাংবাদিক, মানবাধিকার সংস্থা ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

তিনি বলেন, মাওনা হাইওয়ে থানার প্রতিটি কার্যক্রম জনসেবামুখী রাখার চেষ্টা করছি। মানুষের স্বস্তি ও নিরাপত্তাই আমাদের প্রধান লক্ষ্য।

স্থানীয়দের মতে,যানজট নিরসনের পাশাপাশি উচ্ছেদ অভিযানের ফলে সড়ককেন্দ্রিক অপরাধও কমেছে। অস্থায়ী দোকানপাট ও ভ্যান নিয়ন্ত্রণে থাকায় ছিনতাই ও বিশৃঙ্খলা কমে এসেছে বলেও দাবি করেন অনেকে।

নতুন ওসির দায়িত্ব গ্রহণের পর নেওয়া এসব পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া দেখা গেছে। ধারাবাহিকতা বজায় থাকলে মাওনা হাইওয়ে এলাকায় আরও শৃঙ্খলা ও স্বস্তি ফিরবে বলে আশা স্থানীয়দের।