ময়মনসিংহের সিএনজি স্ট্যান্ডগুলোতে বর্তমানে কোনো প্রকার চুরি, ছিনতাই, চাঁদাবাজি বা অপ্রীতিকর ঘটনা নেই। ময়মনসিংহ সিএনজি মালিক সমিতি (রেজি নং-৬০) ও সিএনজি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-০১৯)-এর নেতৃবৃন্দের কঠোর নির্দেশনা ও নিয়মিত নজরদারিতে চালক ও শ্রমিকদের মাঝে স্বস্তি বিরাজ করছে। তবে একটি স্বার্থান্বেষী মহল জাতীয় নির্বাচনের পুরনো ছবি ব্যবহার করে বীর মুক্তিযোদ্ধার সন্তান বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের যুগ্ন আহ্বায়ক শ্রমিক নেতা মোঃ সেলিমের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
সুশৃঙ্খল পরিবেশ ও মানবিক ব্যবস্থাপনা,
সরেজমিনে পাটগুদাম ব্রিজ মোড়সহ বিভিন্ন স্ট্যান্ড ঘুরে দেখা গেছে, সুপারভাইজার, লাইনম্যান ও মাস্টারদের নিরলস তদারকিতে যানজটমুক্ত পরিবেশে সিএনজি চলাচল করছে। চালক ও যাত্রীরা নিরাপদ বোধ করছেন। জানা গেছে, স্ট্যান্ডের শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত শ্রমিকদের পারিশ্রমিক ও ভরণপোষণের জন্য চালকরা স্বেচ্ছায় দৈনিক মাত্র ২০ টাকা করে প্রদান করেন। সারাদিনের সংগৃহীত এই সামান্য অর্থ দিয়ে দিনশেষে দায়িত্বরতদের বাজার-সদাই ও পরিবারের আহারের ব্যবস্থা করা হয়। অথচ এই মানবিক ও সুশৃঙ্খল বিষয়টিকেই একটি কুচক্রী মহল 'চাঁদাবাজি' হিসেবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করছে।
নির্বাচনকালীন ছবি দিয়ে অপপ্রচার
তদন্তে দেখা যায়, বর্তমানে ছড়ানো ছবিগুলো মূলত জাতীয় নির্বাচন ২০২৬ চলাকালীন সময়ের। ময়মনসিংহ সদর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবু ওয়াহাব আকন্দের পক্ষে প্রচারণার সময় জেলা সিএনজি চালক শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম ধানের শীষের লিফলেট বিতরণ করেছিলেন। সেই লিফলেট বিতরণের ছবিগুলোকে এখন চাঁদাবাজির ভুয়া প্রমাণ হিসেবে চালিয়ে দিয়ে তার ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা চালানো হচ্ছে।
আইনি পদক্ষেপ
এই মিথ্যা ষড়যন্ত্র ও অপপ্রচারের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়ে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তানের পরিষদ কেন্দ্রীয় কমান্ডের আহ্বায়ক জনাব শেখ রেজাউল করিম রনি ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমান্ডের যুগ্ন আহবায়ক মোঃ সেলিম কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বর্তমানে বিষয়টি পুলিশি তদন্তাধীন রয়েছে।
শ্রমিকদের ক্ষোভ ও মানবিক কর্মকাণ্ড
গত পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে ঘরমুখো মানুষের যাতায়াতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে চালকরা জানিয়েছেন। সাধারণ চালকদের দাবি, সেলিম একজন পরোপকারী ও নিবেদিতপ্রাণ নেতা। সিএনজি মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন বর্তমানে একটি মানবিক সংগঠন হিসেবে কাজ করছে। কোনো চালক অসুস্থ বা দুর্ঘটনায় পড়লে এই সংগঠন আর্থিক সহায়তা প্রদান করে থাকে।
পাটগুদাম ব্রিজ মোড়ের চালকরা এই মিথ্যা অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়ে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন। তারা বলেন, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে স্ট্যান্ডের শৃঙ্খলা রক্ষা করে, তাদের বিরুদ্ধে এমন মিথ্যাচার অত্যন্ত দুঃখজনক।