ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নেত্রকোনায় পুলিশের বড় অভিযান: ৬০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার


জেলাপ্রতিনিধি: মহিউদ্দিন তালুকদার , নেত্রকোনা সময়ের সাথে প্রতিদিন 

​নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় মাদকের বিরুদ্ধে ঘোষিত 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে বড় ধরনের সাফল্য অর্জন করেছে জেলা পুলিশ। দুর্গাপুরে পরিচালিত এক বিশেষ অভিযানে ৬০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ দুই চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) ভোরে দুর্গাপুর পৌরসভার বুরুঙ্গা ভাঙ্গা ব্রিজ এলাকায় এই সাঁড়াশি অভিযান চালানো হয়। জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের সরাসরি নির্দেশনায় দুর্গাপুর থানা পুলিশের একটি বিশেষ দল এই অভিযানে অংশ নেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই এলাকায় অবস্থান নেয় এবং ভোর সোয়া ৫টার দিকে সন্দেহভাজন দুই যুবককে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। 

এসময় আটককৃতদের সাথে থাকা ৪টি প্লাস্টিকের বস্তা তল্লাশি করে ৬০০ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। দুজনকে আটক করা হয় আটককৃতরা হলেন, ১. মো. নাসির উদ্দিন (২৮), পিতা: আব্দুল আউয়াল।২. মো. আলী আকবর (২৫), পিতা: তারা মিয়া।উভয়ই দুর্গাপুর উপজেলার চাড়িয়া মাসকান্দা গ্রামের বাসিন্দা। এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের এই বিশাল চালানের নেপথ্যে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ। ​নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, জেলাজুড়ে মাদক ও চোরাচালান দমনে পুলিশের এই কঠোর অবস্থান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। বর্তমানে ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।