সময়ের সাথে প্রতিদিন জামালপুর প্রতিনিধি।
জামালপুর রেলওয়ে থানার আওতাধীন লাঙ্গলজোড়া এলাকার বিরুবাবুর ইটখোলা সংলগ্ন রেললাইনে ট্রেনে কাটা পড়ে এক অজ্ঞাত যুবকের (আনুমানিক ২৫) মৃত্যু হয়েছে।সোমবার (২৬ অক্টোবর ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ৪৫ মিনিটে ভূয়াপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী ৩৫৪ (৩৭) আপ (নাছিরাবাদ) ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে ওই যুবক ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।সংবাদ পেয়ে জামালপুর রেলওয়ে থানার এসআই (নিঃ) নয়ন চন্দ্র সরকার ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। নিহতের পরিচয় শনাক্তের কাজ চলমান রয়েছে।এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় অপমৃত্যু মামলা নং-৩২, তারিখ ২৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রবিউল ইসলাম