ডিজাইন: ইমেজ বন্ধ
শুক্রবার ২৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

নেত্রকোণায় ঘাস কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘাতের উপক্রম, রক্ষা পেল বড় সংঘর্ষ।


সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন 

জেলার কেন্দুয়া উপজেলার জালালপুর গ্রাম ও মদন উপজেলার বাসুরি গ্রামের মধ্যে পুরনো শত্রুতার জের ধরে আজ বুধবার বিকেলে হাওরে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘাস কাটাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল, যার জেরে আজ দুপুর ১১টায় সাইডুলি নদীর দেবদুল্লা ঘাটে জালালপুর গ্রামের একটি মাছের ঘের কেটে ফেলে সেই থেকে বিকেল ৫টা পর্যন্ত হাওরের মাঝখানে উভয় পক্ষের প্রায় ৭০০-৮০০ মানুষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান নেয়।তবে দুই গ্রামের হাওরের মাঝখানে নদী থাকায় দু'দল সরাসরি সংঘর্ষে জড়াতে পারেনি। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে উভয় পক্ষকে সরিয়ে নেওয়ার কিছুক্ষণ পর বাসুরি গ্রামের কিছু উত্তেজিত ব্যক্তি জালালপুর গ্রামে ঢুকে একটি হাঁসের খামারে ভাঙচুর চালিয়ে দ্রুত সটকে পড়ে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।স্থানীয়দের আশঙ্কা, বড় ধরনের সংঘর্ষ এবার এড়ানো গেলেও পুরনো বিরোধ পুরোপুরি মেটেনি বলে ভবিষ্যতে পুনরায় সংঘাতের আশঙ্কা রয়েছে। এলাকাবাসীর অনেকে অভিযোগ করেন, উত্তেজনা বিরাজকালে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে জনমনে প্রশ্ন ও উদ্বেগ দেখা দিয়েছে।এ প্রসঙ্গে জানতে চাইলে কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)তরিকুল ইসলাম বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়রা অবিলম্বে প্রশাসনিক হস্তক্ষেপ ও উভয় পক্ষের মধ্যে স্থায়ী সমঝোতার দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষ এড়ানো যায়।