কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পশ্চিম রায়গঞ্জে একটি পারিবারিক মন্দিরে হামলা, ভাঙচুর ও মহাদেবের প্রতিমা চুরির ঘটনা ঘটেছে। গতকাল ২১ সেপ্টেম্বর ২০২৬, রবিবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে শ্রী সমবারু দাস ও শ্রী অতিকান্ত এর বাড়ির মন্দিরে এ ঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা যায়, রাত সাড়ে এগারোটার দিকে কয়েকজন দুষ্কৃতকারী ওই মন্দিরে প্রবেশ করে মহাদেবের প্রতিমা চুরি করে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং মন্দিরের ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এসময় শব্দ পেয়ে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায় এবং তারা বিষয়টি টের পেয়ে চিৎকার করলে দুষ্কৃতকারীদের ধাওয়া করেন। ধাওয়া খেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যাওয়ার সময় তাদের মধ্যে একজন তার ব্যবহৃত মুঠোফোন ফেলে রেখে যায়। পরে পরিবারের লোকজন মন্দিরে এসে দেখেন মহাদেবের প্রতিমা ভেঙে ফেলা হয়েছে এবং মন্দিরের পূজার সামগ্রীসহ বিভিন্ন জিনিসপত্র লন্ডভন্ড অবস্থায় মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এ ঘটনার পর থেকে ওই পরিবারসহ এলাকার হিন্দু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ফেলে যাওয়া মুঠোফোনটি প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে, এবং তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন স্থানীয়রা।