শ্রীরামকৃষ্ণ রায় ভ্রাম্যমাণ প্রতিনিধি, সময়ের সাথে প্রতিদিন
কুড়িগ্রামের নাগেশ্বরী পৌরসভার ৯ নং ওয়ার্ডের ভগিরভিটা গ্রামে দোকানে বসে গল্প করার সময় এক ব্যক্তির উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তির নাম শ্রী সুবাশ চন্দ্র সেন (৫২)। তিনি একই এলাকার বাসিন্দা। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আজ রবিবার দুপুর ১২টার দিকে তিনি স্থানীয় রবির দোকানে বসে কথা বলছিলেন। এ সময় পূর্ব বিরোধের জের ধরে কয়েকজন যুবক দেশীয় অস্ত্র নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা হলেন, একই এলাকার শ্রী বিল্টু চন্দ্র সেন ও তার বড় ভাই রিপনসহ ৪/৫ জন যুবক। তারা এলোপাতাড়ি মারপিট করে তার ঠোঁট ও মুখে ধারালো চলা এবং খড়ি দিয়ে আঘাত করে। এতে তার বুক ও পিঠে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা এগিয়ে এসে আহত অবস্থায় তাকে উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে নাগেশ্বরী থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে ভুক্তভোগীর পরিবার।