কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ৭৬ পিস ভারতীয় ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ দুইজন চিহ্নিত মাদককারবারিকে গ্রেফতার করেছে ভূরুঙ্গামারী থানা পুলিশ। মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) রাত ০৭:৩০ থেকে ৯:০০ টার মধ্যে উপজেলার কুড়ারপাড় এলাকার এলটিবি ইটভাটা সংলগ্ন নির্জন স্থানে মাদক ক্রয়-বিক্রয় ও সেবনের প্রস্তুতিকালে স্থানীয় সচেতন জনতা ও মাদক নির্মূল কমিটির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— গছিডাঙ্গা (পাইকেরছড়া) এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে মোঃ শামীম মিয়া (৩২) এবং একই এলাকার আজিম উদ্দিনের ছেলে মোঃ মেহেদী হাসান (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও এসআই আল আমিনের নেতৃত্বে পুলিশ দল এলাকায় মাদকবিরোধী টহল পরিচালনা করছিল। গোপন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে স্থানীয়দের সহায়তায় ইয়াবাসহ তাদের হাতেনাতে আটক করা হয়। অভিযান চলাকালে শামীম মিয়া নামের মাদককারবারি স্থানীয় এক ব্যক্তিকে কামড় দিয়ে ক্ষত-বিক্ষত করে এবং দ্রুত পালিয়ে যায়। তবে পালানোর সময় সে পায়ে আঘাত পায়। পরবর্তীতে পুলিশকে ফাঁকি দিয়ে ভূরুঙ্গামারী সদর উপজেলা হাসপাতালে বেনামে চিকিৎসা নিতে গেলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, "গ্রেফতারকৃতরা মূলত পরিবহন ব্যবসার সাথে জড়িত এবং পরিবহন শ্রমিকের ছদ্মবেশে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল। বিশেষ করে সোনাহাট স্থলবন্দর কেন্দ্রিক ট্রাক শ্রমিকরা ইয়াবা সেবন ও কেনাবেচায় জড়িত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"