ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী পৌর শহরের বনিচন্দবাড়ী গ্রামে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে এবং অভিযুক্ত আব্দুল খালেকের দ্রুত গ্রেপ্তারসহ সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ধনবাড়ী উপজেলা পরিষদ চত্বরে স্থানীয় এলাকাবাসী, সচেতন সমাজ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।
বিক্ষুব্ধ জনতা বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে উপজেলা চত্বরে জড়ো হয়ে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। মানববন্ধনে বক্তারা বলেন, শিশুটির ওপর যে পৈশাচিক নির্যাতন চালানো হয়েছে, তা অত্যন্ত অমানবিক এবং কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। অবিলম্বে অভিযুক্ত আব্দুল খালেককে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আগামীতে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
স্থানীয় সূত্রে জানা যায়, বনিচন্দবাড়ী গ্রামের ওই শিশুটি (দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী) সম্প্রতি আব্দুল খালেক কর্তৃক নির্মমভাবে ধর্ষণের শিকার হয়। এই ন্যক্কারজনক ঘটনার পর থেকেই অভিযুক্ত খালেক এলাকা থেকে পলাতক রয়েছে। ঘটনাটি জানাজানি হওয়ার পর গোটা ধনবাড়ী উপজেলাজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
সমাবেশে উপস্থিত স্থানীয় সমাজকর্মী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা প্রশাসনের কাছে দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। তারা দাবি করেন, অপরাধী আব্দুল খালেককে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে ফাঁসি নিশ্চিত করতে হবে, যাতে ভবিষ্যতে সমাজে এ ধরনের জঘন্য অপরাধের পুনরাবৃত্তি না ঘটে।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পলাতক আসামিকে ধরতে পুলিশের জোর অভিযান অব্যাহত রয়েছে এবং দ্রুতই তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।