ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

কেন্দুয়ায় মাদকবিরোধী অভিযান: ৫ মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা।


সালমান আহম্মদ: স্টাফ রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। 

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে পাঁচ মাদকসেবীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কান্দিউড়া শ্মশানঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কেন্দুয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাঈম-উল ইসলাম চৌধুরী।আটককৃতরা হলেন কান্দিউড়া গ্রামের মৃত নবাব আলীর ছেলে মো. সবুজ মিয়া (৬০), একই গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে মো. আজহারুল ইসলাম (৪৫), ছিলিমপুর গ্রামের মো. সাইদুলের ছেলে মো. জনি মিয়া (২৭), চন্দ্রগাতী গ্রামের মো. টিটু মিয়ার ছেলে মাকসুদুল (২১) এবং হাঁসকান্দা গ্রামের মো. আবুল কাশেমের ছেলে রিফাত হাসান (২১)।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, নেত্রকোনা জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কান্দিউড়া শ্মশানঘাটের ভেতরের ফাঁকা স্থানে কয়েকজন ব্যক্তি মাদক সেবনের জন্য সমবেত হয়েছে— এমন তথ্যের ভিত্তিতে আভিযানিক দল সেখানে অভিযান চালায়। এ সময় মাদক সেবনরত অবস্থায় পাঁচজনকে হাতেনাতে আটক করা হয়।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে আটক ব্যক্তিরা অপরাধ স্বীকার করলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয়। অপরাধের মাত্রা বিবেচনায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।দণ্ডপ্রাপ্তদের রাতেই নেত্রকোণা জেলা কারাগারে পাঠানো হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জেলাজুড়ে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।