ডিজাইন: ইমেজ বন্ধ
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ছাত্রদল নেতাকে মারধর, জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ।


রবিউল আলম: রিপোর্টার সময়ের সাথে প্রতিদিন। নেত্রকোনা জেলা। 

জমি বিক্রি করতে রাজি না হওয়ায় পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবির আহমেদ ভূঁইয়া নাদিমকে ‘মোবাইল চোর’ ও ‘ছিনতাইকারী’ আখ্যা দিয়ে মারধর, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং জোরপূর্বক জমি লিখে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব মো. সাইফুল ইসলাম খান (শান্তি) ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে।বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে পৌর শহরের সাজিউড়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন নাদিম।তিনি জানান, কামাল টেলিকম থেকে বিকাশে টাকা ক্যাশ আউট করে সোনালী ব্যাংকের দিকে যাওয়ার সময় শান্তি রিকশায় তাঁর পথরোধ করে ‘জমি বিক্রি করবে না’ বলে তাঁকে কলার ধরে মারধর করেন। পরে সহযোগীদের লাঠি নিয়ে আসতে ফোন করেন বলে অভিযোগ তাঁর।নাদিমের দাবি, কয়েকজন তাঁকে ‘মোবাইল চোর’ বলে ধাওয়া করলে তিনি যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এম এ মতিন রোমানের বাসায় আশ্রয় নেন। সেখান থেকে বের করে দেওয়ার পর পুনরায় হামলা চালিয়ে তাঁকে অচেতন করা হয়। পরে তাঁর মোবাইল নিয়ে শান্তির চেম্বারে নিয়ে জমি দলিল করে দেওয়ার জন্য চাপ দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।ঘটনার পর ৯৯৯-এ ফোন করা হলেও ভয়ে কেন্দুয়া থানায় মামলা না করে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন নাদিম। তিনি প্রশাসনের কাছে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।অভিযোগের বিষয়ে সাইফুল ইসলাম খান (শান্তি) ও তাঁর সহযোগীদের বক্তব্য জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি।