ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

ভূরুঙ্গামারীতে অবৈধ সার মজুদ: ২ ব্যবসায়ীকে ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা।


কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের দায়ে দুই ব্যবসায়ীকে মোট ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল (১ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১২টার দিকে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের গছিডাঙ্গা কুড়ারপার এলাকায় যৌথ অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করা হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমৃত দেব নাথ, সহকারী কমিশনার (ভূমি) আমিনুল হক তারেক এবং উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল জব্বার যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে গছিডাঙ্গা কুড়ারপার এলাকার ইটভাটা মালিক মোঃ শফিকুল ইসলাম খোকনের ‘মেসার্স খোকন ব্রিক্স’-এর একটি ঘরে অবৈধভাবে মজুদ রাখা ১৬ বস্তা ইউরিয়া ও ৭ বস্তা ডিএপি সার উদ্ধার করা হয়। একই সাথে পার্শ্ববর্তী সার ব্যবসায়ী মোঃ রফিকুল ইসলামের ‘মেসার্স রফিক ট্রেডার্স’-এর ঘরে তল্লাশি চালিয়ে ৯ বস্তা এমওপি সার মজুদ অবস্থায় পাওয়া যায়। কৃত্রিম সংকট তৈরি ও অবৈধ মজুদের অপরাধে ভ্রাম্যমাণ আদালত মেসার্স খোকন ট্রেডার্সকে ৪ লাখ টাকা এবং মেসার্স রফিক ট্রেডার্সকে ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। অভিযান পরিচালনায় ভূরুঙ্গামারী উপজেলা বিএনপি'র সদস্য সচিব প্রভাষক মোঃ শহিদুল ইসলাম আকন্দ ও স্থানীয় কৃষকরা সহযোগিতা করেন। এক বিবৃতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমৃত দেব নাথ জানান, বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে। জব্দকৃত সারগুলো একটি কমিটি গঠনের মাধ্যমে নির্ধারিত সরকারি মূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হবে।