ভুরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় চোরাই মোবাইল ফোন ডিসপ্লে উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, বৃহস্পতিবার (০২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ভুরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের সার্বিক নির্দেশনায় এসআই আলিউল ইসলাম সাদা পোশাকে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ডে দায়িত্বরত থাকাবস্থায় সন্দেহভাজন এক ব্যক্তিকে এসব ফোন ডিসপ্লে সহ আটক করেন। পরবর্তীতে আটক ব্যক্তির তথ্যর ভিত্তিতে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত এসকল মোবাইল ফোনের ডিসপ্লের আনুমানিক মূল্য তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা।পুলিশের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এসব ভারতীয় মোবাইল ফোন ডিসপ্লে অবৈধ ভাবে সীমান্ত পার করে ভুরুঙ্গামারীতে আনা হয়েছে। ভুরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের বাশঁজানি সীমান্ত দিয়ে এগুলা বাংলাদেশে প্রবেশ করেছে। এগুলো মূলত ঢাকায় পাচার করা হচ্ছিলো।তবে মূল মালিক চিহ্নিত চোরাকারবারি বাশঁজানি এলাকার নুর ইসলাম এগুলো পাচার করে এনেছেন। তাকে আটকের চেষ্টা করছে পুলিশ।পুলিশ আরও জানায়, ভুরুঙ্গামারী উপজেলার চোরাচালানের প্রধান রুট পাথরডুবি ইউনিয়নের বাঁশাজানি গ্রাম। এই গ্রামের কয়েকজন চোরাকারবারি উপজেলার সকল চোরাচালান নিয়ন্ত্রণ করছে। বাশঁজানি সীমান্তের ইন্ডিয়ান পণ্যের দোকানপাটগুলো বন্ধ না হলে এসকল চোরাচালান বন্ধ করা কঠিন হবে।ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, আটককৃত ব্যক্তি ও মূল চোরাকারবারির বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিশেষ ক্ষমতা আইনে-১৯৭৪ মামলা রুজু করা হবে। আমরা মাদক ও চোরাচালানের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়েছি। আমরা মাদক ও চোরাচালান মুক্ত ভুরুঙ্গামারী উপজেলা উপহার দিতে চাই।