ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

প্রথমে অপহরণ ও ধর্ষণ মামলা, পরে জাল দলিলে নামজারি: সাংবাদিকের জমি দখলের চেষ্টার অভিযোগ


ওমর ফারুক আহম্মদ (নেত্রকোনা) প্রতিনিধিঃ

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক সাংবাদিকের পৈতৃক জমি জাল দলিল ও মিথ্যা মামলার মাধ্যমে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে।ঘটনাটি উপজেলার ঘাগড়া ইউনিয়নের বিলজোড়া গ্রামে। ভুক্তভোগী সাংবাদিক সুমন রাহাতের অভিযোগ, একটি সংবাদ প্রতিবেদন প্রকাশের জেরে তাকে লক্ষ্যবস্তু বানিয়ে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে।স্থানীয় সূত্র ও অভিযোগ থেকে জানা যায়, শরাফ উদ্দীন খান পাঠান, সবুজ খান পাঠান ও এরশাদ খান পাঠানসহ কয়েকজনের বিরুদ্ধে সংঘবদ্ধভাবে জমি দখলের চেষ্টা চালানোর অভিযোগ রয়েছে।

অভিযোগে বলা হয়, সংবাদ প্রকাশের পর শরাফ উদ্দীন খান পাঠানের মেয়েকে দিয়ে সুমন রাহাতের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণসহ তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলা মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন তিনি। তার অভিযোগ, মামলাগুলোর মাধ্যমে তাকে দীর্ঘদিন ধরে হয়রানি করা হয়েছে।

এছাড়া জমির মূল দলিলের তফসিল পরিবর্তন করে জালিয়াতির মাধ্যমে তাদের নামে নামজারি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এর ফলে তিনি নিজ জমিতে প্রবেশ ও ভোগদখলে বাধার মুখে পড়ছেন বলে জানান।ভুক্তভোগী সাংবাদিক সুমন রাহাত বলেন,সংবাদ প্রতিবেদন প্রকাশের পরপরই আমার বিরুদ্ধে একের পর এক তিনটি মামলা করা হয়। পরে পূর্বধলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে গিয়ে জানতে পারি, আমার জমির দলিলের তফসিল পরিবর্তন করে অন্যদের নামে নামজারি করা হয়েছে। এটি একটি সংঘবদ্ধ চক্রের কাজ। আমি ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।এ বিষয়ে অভিযুক্তদের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে বিভিন্ন প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিষয়টি নিয়ে প্রশাসনের তদন্তের অপেক্ষায় রয়েছে এলাকাবাসী।