সালমান আহম্মদ : সময়ের সাথে প্রতিদিন।
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) অধীন পূর্বধলা ইউসিসিএ লিমিটেডের ৬ জন কর্মচারী ঈদুল আজহার আগে বেতন-ভাতা ও ঈদ বোনাস থেকে বঞ্চিত হওয়ায় চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন। এ ঘটনায় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তাজবীর মোস্তফার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ উঠেছে।জানা গেছে, ইউসিসিএ লিমিটেডের ম্যানেজিং কমিটির সভায় ৬ কর্মচারীর বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। কিন্তু পরবর্তীতে রহস্যজনকভাবে শুধুমাত্র দুইজন কর্মচারীর নামে চেক ইস্যু করা হয়। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তার পছন্দের ব্যক্তিদের সুবিধা দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছিল।ইউসিসিএ লিঃ-এর চেয়ারম্যান জানান, বিষয়টি নিয়ে আপত্তি ও সমালোচনা দেখা দিলে শেষ পর্যন্ত কাউকেই বেতন-ভাতা ও ঈদ বোনাস প্রদান করা হয়নি। ফলে ঈদের আগ মুহূর্তে ৬ কর্মচারী ও তাদের পরিবার চরম আর্থিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।ভুক্তভোগী কর্মচারীরা অভিযোগ করে বলেন, প্রশাসনিক বৈষম্য ও ব্যক্তিপছন্দের কারণেই তাদের ন্যায্য পাওনা আটকে রাখা হয়েছে। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং বকেয়া বেতন-ভাতা ও ঈদ বোনাস পরিশোধের দাবি জানিয়েছেন।