ডিজাইন: ইমেজ চালু
শনিবার ২৬ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক সময়কাল

মোংলায় নৌবাহিনী নাবিকের আত্মহত্যা:পারিবারিক কলহের জেরে মৃত্যু


 

 

  নিজস্ব প্রতিবাদক :

বাগেরহাটের মোংলায় নৌবাহিনীর এক নাবিকের আত্মহত্যার ঘটনায় এলাকায় গভীর শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।গতকাল  রবিবার (২২ মার্চ ২০২৬) সকালে দিগরাজ এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, বানৌজা আবু উবাইদাহ-এ কর্মরত নাবিক সঃ নং ২০১৮০৮৯৬ সবুজ উদ্দিন (এমএ-১), যিনি বাহিরে বসবাসকারী ছিলেন, দিগরাজ এলাকার কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন আবুল হাশেমের ভাড়াকৃত বাসায় পরিবারসহ বসবাস করতেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকাল আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে পারিবারিক বিষয় নিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি ও মনোমালিন্যের সৃষ্টি হয়। একপর্যায়ে তার স্ত্রী অন্য কক্ষে চলে যান। এরপর নাবিক সবুজ উদ্দিন একা অবস্থায় নিজ কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন। কিছুক্ষণ পর সকাল আনুমানিক ৯টার দিকে তার স্ত্রীর সন্দেহ হলে দরজায় ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে তিনি চিৎকার করলে বাড়িওয়ালার ছেলে ও আশপাশের প্রতিবেশীরা দ্রুত ছুটে আসেন।

পরে দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে নাবিককে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে সিভিল ভ্যানে করে দ্রুত মোংলা সিকবে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। প্রতিবেশীরা জানান, সবুজ উদ্দিন স্বভাবতই শান্ত ও ভদ্র ছিলেন। হঠাৎ এ ধরনের ঘটনার খবর তাদের হতবাক করেছে।

ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।